হারানো টুপি
দশটার ট্রেন ধরেছিল বিতান। ভাবেনি বসার সিট পাবে। যা দিনটা গেল আজকে।চাকরিটা আর থাকবে বলে মনে হচ্ছে না। সেলসের টার্গেট হিট করতে পারেনি লাস্ট ৩ মাস হলো। সেই নিয়ে আজকে অফিসে মিটিং ছিল। ১ মাসের টার্গেট দিয়েছে, সেটা পূরণ না করতে পারলে অন্য চাকরি খুঁজতে হবে। এইসব ভাবতে ভাবতে চোখ জুড়ে ঘুম এসেছিল বিতানের। হঠাৎ গায়ের কাছে কী একটা নড়ে উঠতে ঘুমটা ভেঙে গেল। ইস্, আর একটু হলেই কোন্নগর স্টেশন পেরিয়ে গেছিল। এক লাফে উঠে পাশ থেকে ব্যাগটা নিয়ে বিতান প্ল্যাটফর্মে নেমে পড়লো। আজকে হেঁটেই বাড়ি যাবে। মিনা দিদি আজকে আসেনি, তাই স্টেশন থেকে রাতের খাবার কিনে বাড়ির রাস্তা ধরল বিতান। বিতানের কথা: "উফ্ চাকরি নাকি চাকরি! ভালো লাগে না আর। চাকরি গেলে যাক... যা জমিয়েছি তাতে মাস ছয়েক চলে যাবে। তারপর দেখা যাবে। হাতের ব্যাগটা এখন একটু ভারী ভারী লাগছে... কি জানি। শর্বরীকে ও ফোন করতে হবে।আজকে আসলে খুব টায়ার্ড লাগছে। " এই সব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায় বিতান। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিতান ব্যাগটা খোলে। "এবাবা! এটা আবার কী ব্যাগের মধ্যে? এই টুপিটা কোত্থেকে এলো! কী অদ্ভুত দেখতে রে, কিন্তু বেশ চক্চক্ করছে।" ...
